কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি এজাহার মিয়াসহ তার অপর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নাজির পাড়া এলাকার আবুল কাসেমের বাড়িতে অভিযান চালিয়ে ভূট্টো বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর বাবা এজাহার মিয়া ও বাড়ির মালিক কাসেমকে গ্রেফতার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহে গিয়ে হামলায় শিকার হয়ে আহত হন ছয় সাংবাদিক। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাঙচুর ও ক্যামেরা পুড়িয়ে দেয়।
হামলার পরপরই আহত সাংবাদিকরা অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর এ হামলা চালায়।
এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়ে রবিবার সন্ধ্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
