পাচারকালে বিনামূল্যে বিতরণের বইভর্তি ট্রাক আটক

আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:০৪
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত পাঠ্যবই সোমবার রাতের আঁধারে পাচারের সময় আটক করেছে স্থানীয়রা।
 
জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলায় সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন বিভিন্ন শ্রেণীর চলতি বছরসহ বিগত কয়েক বছরের পাঁচ সহস্রাধিক বই সোমবার রাতে ট্রাকে করে পাচার করছিলেন। এ সময় স্থানীয়রা বিদ্যালয়ের গেটের সামনে ট্রাকটি আটক করে। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলহাজ মাহবুব আলম শাহীনসহ অন্যরা। রাতেই সকলের উপস্থিতিতে বইগুলো গোডাউনে রেখে তা সিলগালা করে দেন শিক্ষা কর্মকর্তা।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন বলেন, ‘পুরাতন কিছু খাতা বিক্রি করেছি। তবে ভুলক্রমে ৫/৬ টা বই ট্রাকে উঠতেই পারে।’
 
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারগিস সুলতানা বলেন, ‘সরকারি পাঠ্যবই বিক্রির নিয়ম নেই। তবে বিতরণের পর মজুদ থাকলে নিতিমালা অনুযায়ী সাব-কমিটির মাধ্যমে বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।’