আমিরের ভিসা প্রাপ্তি নিয়ে আশাবাদী পিসিবি

আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:৩৪
 
আগামী মাসেই মোহাম্মদ আমিরের পুরো দলের সাথে ইংল্যান্ড সফরে যাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 
পিসিবির একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের অভিবাসী আইনানুযায়ী সাজাপ্রাপ্ত কোন ব্যক্তির ভিসা প্রাপ্তির ব্যাপারে কঠোরতা থাকলেও একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ বিবেচনায় আমিরকে ভিসা দেয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। স্পট ফিক্সিয়ে অভিযুক্ত আমির যেহেতু অন্য দুইজন সাজাপ্রাপ্ত পাকিস্তানি খেলোয়াড় সালমান বাট ও মোহাম্মদ আসিফের মত যুক্তরাজ্য থেকে বহিষ্কৃত হননি তাই তার বিষয়টা কিছুটা হলেও ভিন্ন।
 
পিসিবি আইনি পরামর্শক তোফাজ্জল রিজভি বলেছে, বাটকে তার সাজার অর্ধেক সময় পরে সমঝোতার ভিত্তিতে ইংল্যান্ড থেকে বের করে দেয়া হয়েছিল। কিন্তু আমিরকে যুক্তরাষ্ট্র থেকে স্বাভাবিক নিয়মেই দেশে ফেরত পাঠানো হয়েছে। এ কারণে আগামী ২০২০ সালের আগ পর্যন্ত বাট যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারবে না। কিন্তু আমিরের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ঠিক যেমনভাবে গত বছর নিউজিল্যান্ড সফরের সময় পিসিবির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এখানেও তাই করতে হবে।
 
রিজভি আরো জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের সময় সেখানকার ক্রিকেট বোর্ড আমির ইস্যুতে পিসিবিকে যথেষ্ট সহযোগিতা করেছিল। এমনকি এবারও বিশেষ ঘটনা হিসেবে আমিরের বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে তিনি আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে নিউজিল্যান্ডের ভিসা পাবার অর্থ এই নয় যে যুক্তরাজ্যের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী হবে। সব দেশেই তার নিজস্ব আইন আছে এবং এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এমনকি ভিসা পেলেও তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমিরকে দেশে প্রবেশের অনুমতি নাও দিতে পারে। সূত্রটি নিশ্চিত করেছে ইসিবি ও যুক্তরাজ্য হাই কমিশনের সবুজ সংকেত পেলেই আমিরের ভিসার জন্য আবেদন করবে পিসিবি।-বাসস।