মার্কিন আদালতে বিশ্বের প্রথম রোবট আইনজীবী!

আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:১৩
আর নীরবে নিভৃতে কাঁদবে না বিচারের বাণী। কারণ এসেছে এক বিশেষ আইনজীবী। যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা। আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে। কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে।
 
আমেরিকার এক ল'ফার্মে নিযুক্ত করা হয়েছে বিশ্বের প্রথম রোবট আইনজীবী। নাম ‘রস’।
 
আপাতত আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট। নিজের ডেটাবেস থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি। জানাবে অতীতের মামলার উদাহরণও।
 
এখানেই শেষ নয়, নতুন কোনও আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে।
 
২০১৪ সালে এই রোবট তৈরির কাজ শুরু করে ‘আইবিএম’। প্রথম দশ মাসের মধ্যেই আইনের চর্চার মাধ্যমে ‘রস’-এর পরীক্ষানীরিক্ষা শুরু হয়ে যায়। ভাল নম্বর পেয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বিশেষ আইনজীবী।
 
আমেরিকার ‘বেকার হস্টেটলার’ ল'ফার্মের মাধ্যমেই তার প্রথম বাণিজ্যিক ব্যবহার শুরু করল আইবিএম। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও টেক্কান ক্রনিক্যাল।