ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানান। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করার দাবি জানান ও বহিষ্কৃত শিক্ষার্থীরা যেন হলে না থাকতে পারে সে বিষয়েও নিশ্চিত করার কথা বলেন। এ বিষয়ে প্রশাসন দেখবে বলে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন ভিসি।
এর আগে বর্ষবরণে এক আদিবাসী ছাত্রীকে যৌন হয়রানি, ছিনতাই ও প্রহারের দায়ে আজীবন বহিষ্কৃত পাঁচ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পরে তারা ৬ এপ্রিল তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভিসির কাছে আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অফিস আদেশ জারি করে।
উল্লেখ্য, ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের অভিযোগে গত বছর ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ, ছাত্রলীগকর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ও নুরুল কবির, হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ এবং ছাত্রলীগকর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়।
