কিবরিয়া হত্যা মামলা : পরবর্তী শুনানি ২০ জুন

আপডেট : ১৭ মে ২০১৬, ১৬:৪০
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার পলাতক ৩ জন আসামির মালামাল ক্রোকাদেশ তামিলের প্রতিবেদন আসেনি।
 
মঙ্গলবার এ মামলার নির্ধারিত তারিখে পলাতক হারিছ চৌধুরীসহ মোট ৬ জনের মামামাল ক্রোকাদেশের প্রতিবেদন আদালতে এসেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন।
 
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ৯ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। এর মাঝে ৬ জনের আদেশ তামিলের প্রতিবেদন এ পর্যন্ত এসেছে। তারা হচ্ছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মোহাম্মদ আলী, আব্দুল জলিল, মহিবুর রহমান, মাওলানা তাজ উদ্দিন ও কাজল আহমেদ। আর পলাতক শফিকুর রহমান, আব্দুল হাই ও বদরুলের মালামাল ক্রোকাদেশ তামিলের প্রতিবেদন এখনো আসেনি।
 
এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি কে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৫ আসামি কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ৮ জন।
 
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।