কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে গত শনিবার রাত প্রায় ১১টায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলার আসামি হিসেবে উপজেলার পূর্ব-কৃষ্টপুর গ্রামের মো. রমজান আলীর ছেলে ওমর আলীকে (৫৫) কালাই থানা পুলিশ গ্রেফতার করেছে।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার রায় বলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে গত শনিবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় উপজেলার পুনট মোন্না পাড়ার মৃত. আব্দুস সামাদ সরদারের ছেলে আফতাব সরকার (৫৫) এবং পুনট মাইশ্বা পাড়ার শ্রী চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত (৪৮) নিহত হয়। এই ঘটনায় নিহত আফতাব সরকারের ছেলে গোলাম রব্বানি বাদী হয়ে রবিবার একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আ. ন. ম. শওকত হাবিব তালুকদার লজিক এবং উদয়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদাসহ ৪৭ জনকে নামীয় এবং আরও অন্তত ২০০ জনকে অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
গত ১০ মার্চ প্রথম ধাপে কালাই উপজেলা নির্বাচনের সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আর উদয়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা লজিককে সমর্থন করেছিলেন। পরে ওই নির্বাচনে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন নৌকা প্রতীকে জয়লাভ করে। এরপর থেকেই ওয়াজেদ আলী দাদার নেতাকর্মীদের সঙ্গে মিলনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সংঘর্ষ হয়।
