রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে তুলে নিয়ে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজশাহী কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলে দুটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
শিক্ষার্থীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রাজশাহী কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুর ২টার দিকে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে তুলে নিয়ে যায়। সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারপিট করে। পরে তারা সেখান থেকে চলে যায়। পরে অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খুঁজতে থাকে। কিন্তু তাদের না পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হোস্টেল দুটির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দলীয় কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। বিকাল ৩টার দিকে তারা রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রতিবাদ সমাবেশে তারা ছাত্রদল নেতাকর্মীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম সম্পাদক নাইম ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
