অধ্যাপক রেজাউল হত্যা: ৩ আসামি রিমান্ডে

আপডেট : ১৭ মে ২০১৬, ১৮:৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার আরো তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমতুল্লাহ ওরফে শাহিন (২৫) এবং রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকার আবদুস সাত্তার (৫০) ও তার ছেলে খায়রুল ইসলাম ওরফে রিপন (২৬)।
 
জানা গেছে, গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমতুল্লাহর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের ১০৭ নম্বর কক্ষে থাকতেন। পুলিশের ভাষ্য, সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার দুপুরে আসামিদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করে পুলিশ তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। এ সময় আদালতের বিচারক মোকসেদা আজগর প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
 
অধ্যাপক রেজাউল হত্যা মামলায় গত ১৫ মে মাসকাওয়াত হাসান ওরফে সাকিব ওরফে আব্দুল্লাহ নামে এক জেএমবি সদস্যকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন জানান, ওই জেএমবি সদস্য সরাসরি কিলিং মিশনে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। এ নিয়ে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।