ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে কাজী নজরুল ইসলামের গান, আবৃত্তি ও আলোচনা নিয়ে আয়োজিত হচ্ছে 'অনিন্দিতার ঠাকুরদার ঝুলি'। আগামী ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে কবির নাতনি অনিন্দিতা কাজী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জাতীয় কবির ১১৭তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নজরুলের ছেলে অনিরুদ্ধ কাজির মেয়ে অনিন্দিতা কাজী। ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন অনিন্দিতা। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নজরুলের গান গেয়েছেন এই বিশিষ্ট শিল্পী। ভারতে জনপ্রিয় বাংলা চ্যানেল তারা টিভির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন অনিন্দিতা।
