গাংনীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:৫৪

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান বুদু (৩৪) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বুদু গাংনী উপজেলার পীরতলা গ্রামের জোয়াদ আলীর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ঈদগাহের পাশে মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতের ঘটনা ঘটে। গাংনী থানা সূত্রে জানা যায়, এদিন রাতে হাড়াভাঙ্গা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী চক্র পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশি শাটারগান, ১ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।