যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিয়ালতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এছাড়া সংঘর্ষ চলাকালে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান এ কামাল নৌকা প্রতীক পেয়েছেন। একই দলের বিদ্রোহী প্রার্থী আছেন আবু জাফর মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আব্দুল লতিফ। মঙ্গলবার বিকালে চেয়ারম্যান প্রার্থী খান এ কামালের সমর্থনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে জিয়ালতলা নামক স্থান অতিক্রম করার সময় বিদ্রোহী প্রার্থী আবু জাফর মেম্বারের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরে খবর পেয়ে আমতলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে খান এ কামাল বলেন, বিদ্রোহী প্রার্থী আবু জাফর মেম্বারের সমর্থকরা হামলা চালিয়ে তার সমর্থকদের কুপিয়ে পিটিয়ে জখম করেছে এবং অফিস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
আবু জাফর মেম্বার বলেন, খান এ কামালের সমর্থকরা তার কর্মীর ওপর প্রথমে হামলা চালালে এ ঘটনা ঘটে। তবে নির্বাচনী অফিসে তার কোন কর্মী সমর্থক হামলা করেনি।
এ ব্যপারে আমতলা ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
