রোগীর চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার রাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন, চিকিৎসক ও পুলিশের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ, চিকিৎসক ও রোগীর স্বজনসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সড়ক দূর্ঘটনায় সিরাজুল ইসলাম চুন্নু (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি এক ঘন্টায়ও তার কোন চিকিৎসা না করানোর অভিযোগে রাত ১১টার দিকে চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার এএসআই মহিউদ্দিন সহ ৩/৪ জন কনস্টেবল পৌছুলে ত্রি-মুখী সংঘর্ষ বাঁধে।
এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল প্রবেশপথ বন্ধ করে রোগীদের চিকিৎসা বন্ধ করে হাসপাতালের বাহিরে মিছিল বের করে চিকিৎসকরা।
চিকিৎসকর অভিযোগ করেন কর্তব্যরত অবস্থায় পুলিশ তাদের কক্ষে এসে মারধর করেছে এবং আটক করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিবি‘র এসি আবু সাইদ জানান, ঘটনার পরপর পুলিশ কমিশনার এএসআই মহিউদ্দিন লাইনে ক্লোজ করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
