বজ্রপাতকে দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সম্প্রতি বজ্রাঘাতে নিহতদের পরিবারকে সরকার ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া আহত ব্যক্তিদের ৭ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল এ তথ্য জানান। প্রসঙ্গত, সম্প্রতি বজ্রাঘাতে ২৬ জেলায় ৮১ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। এছাড়া সারাদেশে গত বছর বজ্রাঘাতে মারা যান ১৭ জন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বজ্রাঘাতে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই বজ্রপাতের ঘটনা বেড়েছে বলে তিনি জানান।
