শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৮ মে ২০১৬, ১২:৪৩
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
বুধবার সকাল নয়টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিশু সাংবাদিক জিএম নাজমুস সাকিব এতে সভাপতিত্ব করেন। এতে স্কুল স্টুডেন্ট কেবিনেটর সভাপতি তাহমিদ হাসান সংগ্রাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও পারভেজ ইমাম প্রমুখ  বক্তব্য রাখেন।
 
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ‘আমরা কঠিন দুঃসময় অতিক্রম করছি। আমাদের চেয়ে চেয়ে দেখতে হচ্ছে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন। কোনো বিচার পাচ্ছি না। তিনদিন হলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। শিক্ষকের পরিবারের দেয়া মামলাটি প্রশাসন এখনও পর্যন্ত আমলে নেয়নি।’
 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
অভিযোগ পাওয়া গেছে, ‘সোমবার শপথ নিয়ে এসেই সমর্থন না করা লোকজনের উপর হামলা চালায় নব্য চেয়ারম্যান রাজুর লোকজন।’
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। তবে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
 
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউপির পরাজিত আওয়ামী লীগের প্রার্থী প্রণব ঘোষ বাবলুর কর্মী-সমর্থকদের উপর খলিলনগর বাজারে নব্য বিজয়ী চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজুর লোকজন হামলা চালায়।  পরাজিত কর্মী-সমর্থকদের বাড়ি-ঘর ভাঙচুরেরও অভিযোগ পাওয়া যায়।