তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনা করেছেন, সরকার তাদের সরকার এক চুলও ছাড় দেবে না।
বুধবার সিলেট হযরত শাহজালালের (র) মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার উৎখাতের জন্য খালেদা জিয়া ৯৩ দিন আগুন যুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছেন। এখন পরাজিত হয়ে চক্রান্তের রাজনীতি জিইয়ে রাখতেই একটা ছকে গুপ্ত হত্যা চলছে। আর এই ছকেই ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও রাজাকারদের সঙ্গ না ছাড়া পর্যন্ত গুপ্ত হত্যার জন্য বিএনপি ও খালেদা জিয়া তালিকায় থাকবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সিলেট সফর এসে সার্কিট হাউজে পৌঁছালে সিলেট বেতারের পক্ষে তাকে শুভেচ্ছা জানানো হয়। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, জেলা তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
