মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের মানবাধিকার রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন গতকাল সোমবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বার্ষিক রিপোর্টে যে তথ্য ও অনুসন্ধানের কথা বলা হয়েছে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তথ্যভিত্তিক ও বিশ্বাসযোগ্য রিপোর্ট হলে আমরা স্বাগত জানাব। বাংলাদেশ সরকার ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রতিবাদপত্র পাঠিয়েছে। আমরা বলেছি, তাদের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে তথ্য দেওয়া হলে অবশ্যই বিবেচনা করা হবে। মার্কিন সরকার প্রতিবছর নিয়মমাফিক এই রিপোর্ট তৈরি করে থাকে। সাহিত্যিক অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার পর সরকার তাত্ক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অথচ মার্কিন রিপোর্টে এই হামলার ঘটনাকে কেবল সন্ত্রাসী হামলা আখ্যা দেওয়া হয়েছে।
