অপরাধ নির্মুল, মামলা তদারকি ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অর্জনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৮ সদস্যকে পুরস্কৃত করেছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
বুধবার নগর পুলিশের মাসিক অপরাধ সভায় কাজের স্বীকৃতি হিসেবে একজন উপ-কমিশনার ও দুইজন সহকারী কমিশনারসহ ৩৮ পুলিশ সদস্যের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন কমিশনার মো. ইকবাল বাহার। এপ্রিল মাসে ভালো অর্জনের জন্য নগরীর শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়েছে চান্দগাঁও থানা ও শ্রেষ্ঠ জোন হয়েছে উত্তর জোন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য জানান, নিজ নিজ এলাকায় অপরাধ দমনসহ ভালো কাজের জন্য এই প্রথম বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সদস্যদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি উৎসাহিত করতে এখন থেকে প্রতিমাসেই এই পুরস্কার দেয়া হবে।
এপ্রিল মাসে চট্টগ্রাম নগরীতে কাজের জন্য সেরা কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার পরিতোষ ঘোষ, পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন ও সেরা ওসির পুরস্কার পেয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. শাহজাহান। গোয়েন্দা পুলিশের উত্তর জোনের সহকারী কমিশনার তাহমিনা তাকিয়াও শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধার, মামলা তদারকি, নিষ্পত্তিসহ বিভিন্ন কাজের জন্য থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক, গোয়েন্দা, সিটি এসবির পরিদর্শক, এসআই, এএসআই, টিএসআই, সার্জেন্ট ও কনস্টেবলসহ মোট ৩৮ জনকে বিভিন্ন ক্যাটাগারিতে পুরস্কার দেয়া হয়েছে।
গত ১০ এপ্রিল সিএমপি কমিশনার হিসেবে ইকবাল বাহার দায়িত্ব নেয়ার পর পুলিশ সদস্যদের কাজের গতি বাড়াতে বিভিন্ন জোনের থানা ও কর্মকর্তাদের কাজের উপর পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়।
