নেত্রকোনা শহরের মোক্তাপাড়াস্থ এলাকায় মগড়া নদীর উপর অর্ধশত বছর আগে নির্মিত সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের শুরুতেই গলদ দেখা দিয়েছে। রবিবার সকালে সদ্য নির্মিত বিকল্প বেইলী সেতুর অ্যাপ্রোচ সড়কের বড় অংশ ধসে পড়েছে। এদিকে বিকল্প সেতু ব্যবহারের আগেই সড়ক ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
শনিবার রাতভর ভারি বর্ষণ হওয়ায় অ্যাপ্রোচ সড়কের বালু পানির প্রবল তোড়ে সরে গেলে সড়কটি রবিবার সকালে ধসে পড়ে। এ কারণে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কটিও এখন হুমকিতে রয়েছে। এদিকে মূল সেতুটি ভাঙার আগে যানবাহন এবং লোকজন চলাচলের জন্য বিকল্প হিসাবে পাকা সেতুর পশ্চিম দিকে ছোট এবং পাকা সেতুর চেয়ে অনেক নীচু করে নির্মিত বেইলি সেতুটি নির্মাণেও ত্রুটি রয়েছে।
সেতুটি অত্যন্ত নীচু করে নির্মাণ করায় বর্ষাকালে নদীর পানির নিচে তলিয়ে যাবে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এ সেতু নির্মাণ করছে। এজন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এদিকে ঠিকাদারের গাফিলতির কারণে সেতুটির নির্মাণ কাজ যথাসময়ে শেষ হবে না বলেও জানা গেছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খানের সঙ্গে নিচু করে বেইলি সেতু নির্মাণের কথা বললে তিনি বলেন, বিষয়টি দেখা হচ্ছে, তবে মূল সেতুর নির্মাণ কাজ শুরুর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
