প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সন্ত্রাস নিমূলে একযোগে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোসবার দুই নেতার মধ্যে টেলিফোন আলাপে তারা এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে নিউজিল্যান্ডের ক্রাইস্টচাচের্র মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
প্রায় ২০ মিনিট তাদের মধ্যে কথোপকথন হয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, ট্রুডো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবারের সেই নৃশংস সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য রক্ষা পায়। যে হামলায় ৫ জন বাংলাদেশিসহ ৫০ জন নিহত এবং বহু লোক আহত হয়। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা রক্ষা পাওয়ার কানাডার প্রধানমন্ত্রী ঘটনায় স্বস্তি প্রকাশ করেন। তিনি নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশিসহ ৫০ ব্যক্তি নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন।
জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ জন্য সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন গড়ে তোলা উচিত। কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিমত সমর্থন করে বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের মূল উত্পাদনে একযোগে কাজ করতে হবে।’ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সকল ক্ষেত্রেই সন্ত্রাসকে নিন্দা জানায়। বাংলাদেশ একটি শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমরা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকল তীর্থস্থান যেমন- মসজিদ, মন্দির, গীর্জা এবং প্যাগোডা রক্ষার জন্য সতর্ক করে দিয়েছি।’ তিনি বলেন, ইসলামে কোনো ধরনেরই সন্ত্রাসের কোনো সুযোগ নেই এবং সন্ত্রাসীর কোনো ধর্ম নেই এবং ভৌগোলিক সীমারেখা নেই।
প্রধানমন্ত্রী এ সময় কানাডায় অবস্থানরত জাতির পিতার আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে তার আহবান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নূর চৌধুরী পলাতক থেকে কানাডায় অবস্থান করছে। এটি আইনের শাসনের ক্ষেত্রে একটি বড় কাজ হবে, যদি কানাডা বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের হাতে তুলে দেয়, যাতে করে সে ন্যায় বিচারের সম্মুখীন হতে পারে।’ এর উত্তরে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একটি আইনি বিষয় এবং আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।’
শেখ হাসিনা জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কানাডার আসন্ন নির্বাচনে তার সাফল্য কামনা করেন। জাস্টিন ট্রুডো এ সময় বিগত নির্বাচনে তার বিপুল বিজয়ে এবং চতুর্থবার মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।
‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর-রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রন্থটিতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারণায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান সচিত্র তথ্যসহ তুলে ধরা হয়েছে।
