ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

আপডেট : ১৯ মে ২০১৬, ০৯:১৭
 
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ বৃহস্পতিবার। বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। 
 
গত ২৮ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ৭২৪টি ইউপির ভোট ৪ জুন অনুষ্ঠিত হবে। গত ৯ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ৭২৪টি ইউপির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৭২২টি, বিএনপি ৬৫৯টি ইউপিতে মনোনীত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। ৬৫টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। ইতিমধ্যে ৫টি ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন। 
 
এদিকে আগামী ২৮ মে পঞ্চম ধাপে ৭২৯টি ইউপির ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে ৩ হাজার ২৫৪ চেয়ারম্যান প্রার্থী ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৫২৭ ও রাজনৈতিক দলের প্রার্থী ১৭২৭ জন।
 
এর আগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। গত ২২ মার্চ প্রথমধাপে ৭২২টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬১৫টি এবং ৭ মে চতুর্থ ধাপে ৭০৩টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে।