রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক (অটো) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত হেফাজুল ইসলাম (১৪) তানোর উপজেলার মুন্ডুমালা পাচন্দর গ্রামের মৃত সাইফুদ্দীনের ছেলে।
বুধবার দিবাগত রাতে উপজেলার ঝিনাইখাড়ি এলাকায় এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। এরা হলেন, তানোর উপজেলার মুন্ডুমালা চারপুকুরিয়া গ্রামের শাউন মন্ডল (২৩) ও সাদিপুর গ্রামের ফারুক (৩৭)।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেফাজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।
এ ঘটনায় সকালে নিহতের ভাই বাবুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানায়, পাকড়ী-মুন্ডুমালা স্থানীয় সড়কের কোনো স্থানে হেফাজুলকে হত্যার পর লাশ ঝিনাইখাড়িতে ফেলে যায় দুর্বৃত্তরা। হেফাজুলের মাথায় ও পিঠে ইটের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে।
