রংপুরের পীরগাছা উপজেলায় মন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কল্যাণী ইউনিয়নের চওড়াপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ওই মন্দিরের দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে চারটি প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে তারা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের ফতা গ্রামের সুমন মিয়াকে (২৭) রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের জানান, সুমনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
