শিক্ষককে অপমান করা বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করার প্রতিবাদে এই মানবন্ধন পালন করা হয়।
জাফর ইকবাল বলেন, শিক্ষককে অপমান করা বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে বাংলাদেশ বর্বর ও রুচিহীন রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে যাবে সেটা এই ঘটনা নির্ধারণ করবে। সাধারণত কোন মানুষ অপরাধী হলে তাকে আমরা শাস্তি দিয়ে থাকি। এভাবে সকলের সামনে অপমান করি না। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সবার সামনে অপমান করা হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
