কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে হারু মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
দুপুরে থানা পুলিশ ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় ওই বৃদ্ধের ছেলে আবুল হাসেমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের হারু মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার ছোট ছেলে আবুল হাসেমের প্রথমে বাকবিতন্ডা এবং পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হারু মিয়া অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাসেমকে আটক করা হয়েছে।
