সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে টেকনাফে মানববন্ধন-সমাবেশ

আপডেট : ১৯ মে ২০১৬, ১৫:৪৪
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও তাদের কেড়ে নেয়া মালামাল অবিলম্বে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টেকনাফ সাংবাদিক ইউনিটির আয়োজনে টেকনাফ বাস স্টেশনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
 
সাংবাদিক ইউনিটির সভাপতি নুরতাজুল মোস্তফা শাহিনশাহের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু স্বাগত বক্তব্য রাখেন। প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সংগঠনের সাইফুল ইসলাম সাইফী।
বক্তারা এ সময় টেকনাফ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
 
তারা বলেন, ঘটনার সাতদিন অতিবাহিত হলেও প্রধান আসামি ও ইয়াবা সম্রাট হামলাকারী নুরুল হক ভূট্টো ও তার বাহিনী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। সাংবাদিকদের লুট হওয়া মূল্যবান ক্যামেরাসহ মালামাল উদ্ধার না হওয়ায় ওসির আবদুল মজিদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
বক্তারা আরো বলেন, বর্তমান ওসি যোগদানের পর থেকে টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা, মানব পাচারকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়া হচ্ছেনা। এমনকি পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক মাসোহারা নেয়ারও অভিযোগ তুলেন।
 
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করতে না পারলে সাংবাদিকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, শুক্রবার বিকালে নাজিরপাড়ায় ইয়াবা পাচারের খবর সংগ্রহে গিয়ে হামলায় শিকার হয়ে আহত হন ছয় সাংবাদিক। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের বহন করা গাড়ি ভাঙচুর ও ক্যামেরা পুড়িয়ে দেয়।
হামলার পরপরই আহত সাংবাদিকরা অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর এ হামলা চালায়।
এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়ে রবিবার সন্ধ্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।