টানা পঞ্চমবারের মতো সিরিআ শিরোপা জিতেছে জুভেন্টাস। ক্লাবের এই ধারাবাহিক সাফল্যে ভূমিকা ছিলো দলের ফরোয়ার্ড পাওলো দিবালার। তাই আর্জেন্টাইন এই তরুণ স্ট্রাইকারের দিকে চোখ ছিলো অনেক বড় বড় ক্লাবেরই।
তার দিকে হাত বাড়িয়েছিলো বিশ্বের ধনীতম ও ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদও। তবে দিবালা জানিয়েছেন জুভেন্টাসেই থাকছেন তিনি।
গত বুধবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দিবালাকে পেতে রিয়ালের দেওয়া ৭/৮ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। তবে গত বছরের জুনে পালের্মো থেকে জুভেন্টাসে নাম লেখানো দিবালা বলেন,‘আমি এ সম্পর্কে কিছু জানি না,তাই আমি কিছু বলতে পারছি না।’
অভিষেক মৌসুমে ৪৫ ম্যাচ খেলে ২৩ গোল করেন দিবালা;এর মধ্যে দুটি গোল ইতালিয়ান কাপে। শনিবার কাপের ফাইনালে এসি মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। সুপারকোপার শিরোপা জিতে মৌসুম শুরু করা দলটি শেষটাও শিরোপা জয় দিয়েই করতে চায় বলে জানান দিবালা।
