কাউনিয়ার অপহৃত মানিকের সন্ধান ১৭ দিনেও মিলেনি

আপডেট : ১৯ মে ২০১৬, ১৬:০১
রংপুরের কাউনিয়া উপজেলার বালিকা বিদ্যালয় মোড়ের ব্যবসায়ী মানিককে অপহরণের ১৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
 
অভিযো পাওয়া গেছে, অপহৃত সাদেকুল ইসলাম মানিক ছয় মাস আগে জেলা সদর থানার আমাশু কুকরুল গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে পারিবারিক অলোচনার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই শ্বশুর-শাশুড়ির সঙ্গে মানিকের বনিবনা হচ্ছিল না।
 
এরই রেশে তার শাশুড়ি বাদী হয়ে জামাতাসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এবং মেয়েকে তাদের জিম্মায় পেতে কোর্টে আবেদন করে। কিন্তু মেয়ে সুমাইয়া বেগম বাবা মায়ের জিম্মায় যেতে অস্বীকার করায় আদালত তাকে ভিকটিম সেন্টারে রাখার নির্দেশ দেন।
 
এরপর ২ মে মানিক বড় ভাই শামীমকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে রংপুর যাচ্ছিলেন। এ সময় খাসবাগ তিন মাথা মোড়ে পৌঁছালে সেখানে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তাদের পথরোধ করে এবং জোর করে মানিককে তুলে নিয়ে যায়। এরপর তাকে কোথাও খুঁজে না পেয়ে মানিকের বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে রংপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অপহরণ মামলা করেন।