রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ কর্মীদের উপর হামলাকারীদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় এই মানববন্ধনে উপজেলা যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। এর আগে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুব মহিলা লীগ কর্মী শিল্পী আক্তার, কোহিনুর আক্তার, সুলতানা, সালমা, জেসমিন, ফারজানা, আন্নি, ফাতেমা, শিউলি, রওশন আরা, হাসিদা প্রমুখ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, রবিবার বেস্টওয়ে সিটি মায়ারবাড়ী এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করেন বেস্টওয়ে সিটির চেয়ারম্যান মিজানুর রহমান। ওই অনুষ্ঠানে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়াসহ যুব মহিলা লীগ কর্মীরা অংশ নেন। একপর্যায়ে তারাব পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান খান ও তার সহযোগীরা যুব মহিলা লীগ কর্মীদের অশ্লীল গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় পাঁচ জন যুব মহিলা লীগ কর্মী আহত হন। এ ব্যাপারে যুব মহিলা লীগ কর্মী কোহিনুর আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
