সোনারগাঁওয়ে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০০:২৩

সোনারগাঁওয়ে স্কুলছাত্রীদের ইভটিজিং করার দায়ে ৩ যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এক যুবককে অর্থ দণ্ড দেওয়া হয়। সোমবার সকালে উপজেলার সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে ওই যুবকদের পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ওই কলেজের সামনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এসে বখাটে যুবকরা ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে অভিভাবকরা অভিযোগ দায়ের করলে তার নেতৃত্বে পুলিশ ফোর্স গতকাল সকালে অভিযান চালিয়ে শিমুল, শাহিন ও আবদুল্লাহ ও মাহমুদকে আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিমুলকে ৪ মাস, শাহিন ও আবদুল্লাহকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করে। এছাড়াও মাহমুদকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবক শিমুল সোনারগাঁও পৌরসভার নয়ামাটি গ্রামের মাইনউদ্দিনের ছেলে, শাহিন নোয়াইল বাজনাবাড়ি গ্রামের ছোবহান মিয়ার ছেলে ও আবদুল্লাহ বালুয়া দীঘিরপাড় গ্রামের মোক্তার হোসেনের ছেলে। অর্থদণ্ড প্রাপ্ত মাহমুদ মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের আবুল কালামের ছেলে।