ভারতের বাজারে নতুন এক ফোন উন্মোচন করা হয়েছে, যার দাম মাত্র ৯৯ রুপি! অবিশ্বাস্য মনে হলেও এই দামে 'নামোটেল আচ্ছে দিন' নামের এই স্মার্টফোন বাজারে আনছে বেঙ্গালুরভিত্তিক প্রতিষ্ঠান নামোটেল। নির্মাতাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে সস্তা ফোন।
১৭ মে থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। ২৫ মে পর্যন্ত নামোটেলের ওয়েবসাইটে প্রি-বুকিং করা যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৯ রুপির স্মার্টফোন হাতে পেতে ক্রেতাদের বিমাইব্যাঙ্কার ডটকম নামের এক ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে হবে। ওই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড। ওই আইডি-পাসওয়ার্ড দিয়েই নামোটেল স্মার্টফোন ‘বুক’ করতে হবে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, 'নামোটেল আচ্ছে দিন'-এ ৪ ইঞ্চির ডিসপ্লে, ৫.১ ললিপপ আপডেট, ১ জিবি র্যাম, সঙ্গে ৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে।
মাইক্রো এসডিকার্ড ব্যবহার করে মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ডিভাইসটিতে থ্রিজি কানেক্টিভিটি ও ডুয়াল সিমের সুবিধাও মিলবে।
নামোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২ হাজার ৯৯৯ রুপি দামের মোবাইলের দাম কমিয়ে মাত্র ৯৯ রুপিতে বিক্রি করা হচ্ছে। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।
