জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার বাসায় ফিরেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনি বাসায় ফিরেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বেশি অসুস্থ বোধ করলে তিনি বাসা থেকে সরাসরি সিএমএইচে গিয়ে ভর্তি হন। রবিবার বিকালে কয়েক ঘণ্টার জন্য বাসায় এসে আবার সিএমএইচে চলে যান।
জানা গেছে, চিকিত্সা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ফেরার পর মোটামুটি সুস্থ ছিলেন এরশাদ। তবে অন্যের সাহায্য ছাড়া তিনি নিজে হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ারে চলাফেরা করেন। শারীরিক দুর্বলতার কারণে দু’তিন দিন পরপরই স্যালাইন নেওয়ার জন্য তিনি সিএমএইচে যান। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতার কারণেও তাকে প্রায়ই হাসপাতালে গিয়ে রক্ত নিতে হচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন তিনি এতটাই দুর্বল ছিলেন যে বাথরুমেও যাতায়াত করতে পারছিলেন না।
রংপুর সদর উপজেলা বিএনপির
যুগ্ম-সম্পাদক জাপায়
রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম লাভলু জাপায় যোগ দিয়েছেন। গতকাল রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলটিতে যোগ দেন। জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
