তৈরি পোশাক খাতের উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর জোট 'অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি'র নতুন পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) হয়েছেন মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে অ্যালায়েন্স। ওই বিবৃতিতে বলা হয়েছে, নতুন ভূমিকায়, তিনি (মরিয়ার্টি) কৌশলগত ভুল দূর করে বাংলাদেশ সরকার, পোশাক শিল্প, এবং বেসরকারি ও অলাভজনক সংগঠনের প্রধান প্রধান অংশীদারদের সাথে নিয়ে অ্যালায়েন্সের কার্যক্রম প্রসারিত করবেন।
ওই বিবৃতিতে নতুন নেতৃত্বের বিষয়ে অ্যালায়েন্সের বোর্ডের চেয়ার অ্যালেন টশার বলেন, ‘আমাদের দল পোশাক কারখানার শ্রমিক ও মালিকের ক্ষমতায়নে কাজ অব্যাহত রাখবে। আমরা লক্ষ করেছি, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ আছে।’
তিনি আরও বলেন, আমাদের বোর্ডে নতুন পরিচালক হিসেবে রাষ্ট্রদূত মরিয়ার্টিকে পেয়ে খুবই আনন্দিত আমরা। তিনি খুবই যোগ্য এবং আমাদের লক্ষ্য ও বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতি তার গভীর অঙ্গীকার রয়েছে।
এত দিন সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মরিয়ার্টি। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ২০১৮ সালের পর বাংলাদেশের পোশাক কারখানা ও শ্রমিকরা নিরাপদ হয়ে যাবে।’
অ্যালায়েন্স গঠন হওয়ার পর থেকেই এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন মেসবাহ রবিন। দায়িত্বে রদবদল হওয়ায় এলিভেট গ্লোবাল নামের মার্কিন প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবেন রবিন।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। তখন উত্তর আমেরিকার ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো অ্যালায়েন্স জোট গঠন করে। জোটের সদস্যরা বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ। বর্তমানে ২৮টি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান অ্যালায়েন্সের সদস্য। সূত্র- ফাইবার টু ফ্যাশন ডটকম।
