যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আপডেট : ২০ মে ২০১৬, ১৭:০৩
 
যশোরে জেসমিন খাতুন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পিত্রালয়ের স্বজনদের দাবি তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি জেসমিন আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। একইসাথে মৃতের স্বামী ফিরোজ হোসেনকে পুলিশ আটক করে। মৃত জেসমিন শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের আয়ুব হোসেনের মেয়ে।
 
আয়ুব হোসেনের অভিযোগ তার মেয়ে জেসমিনকে যৌতুক দাবিতে প্রায়ই মারপিট করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার ভোররাতের দিকে তাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। এখন আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।
 

যশোর কোতোয়ালি থানার এসআই মিরাজ মোছাদ্দেক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিত্রালয়ের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আর আটক ফিরোজ দাবি করেছেন জেসমিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট না পর্যন্ত প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ৩০৬ ধারায় মামলা করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।