ঢাবিতে মুক্তিযুদ্ধ গবেষণা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট : ২০ মে ২০১৬, ১৮:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুইদিনব্যাপী 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা প্রশিক্ষণ কোর্স' শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে উদ্বোধন করা হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন।
 
মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের জন্য মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জানান। প্রশিক্ষণ কর্মসূচির কার্যকর সফলতা কামনা করেন। মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিক এবং সাংস্কৃতিক সংগঠক-কর্মীদের এমনকি শরণার্থীদেরও ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।
 
মুক্তিযুদ্ধের ইতিহাসের উপকরণের বিভিন্ন দিক আছে বলে তিনি বলেন, 'জাতীয় ক্ষেত্র ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের ভূমিকা, প্রবাসীদের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা সম্পর্কে জানবার উপকরণ আছে নানা মাত্রায়। বিভিন্ন রাজনৈতিক বিভাজনের মধ্যেও সার্বজনীন অংশগ্রহণের মধ্যে দিয়েই সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ।'
 
অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, 'বাঙালি জাতি-ধর্ম-সম্প্রদায় সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হয়েছিল-এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জনসাধারণের সমর্থন নিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন পর্যায়ক্রমে। বিশেষত ছয় দফা আন্দোলনের আবেদন, সত্তরের নির্বাচনে এই জনসমর্থন নিয়েই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন।'
 
উল্লেখ্য, আগামীকাল শনিবার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।