জনগণের অধিকার ফেরাতে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে -------------------- মোশাররফ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০০:৩৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যেখানে গণতন্ত্র হত্যা করেছে, জনগণের অধিকার লুণ্ঠন করেছে, সেখানে আগামী দিনে বিএনপিকেই ঘুরে দাঁড়াতে হবে। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের ৮০ ভাগ লোকের ভোট ডাকাতি করেছে এই সরকার। জনগণ ভোট দিতে পারলে গণতন্ত্রের বিজয় নিশ্চিত ছিল। খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি মেজর অব. আক্তারুজ্জামান, বিশিষ্ট ছড়াকার আবু সালেহ প্রমুখ।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, মরহুম দেলোয়ার হোসেন দেশের যে কোন ক্রান্তিকালেই সাহসী ভূমিকা নিয়ে সামনে এগিয়ে গেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধেও তার ভূমিকা ছিল অগ্রনায়কের মতোই। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, নেতৃত্বের সঠিক নির্দেশনা পেলে বিএনপি আবারো ঘুরে দাঁড়াবে। হতাশ হওয়ার কিছু নেই।

এমাজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে আগামী দিনে আমরা যে বিজয় দিবস পালন করতে যাচ্ছি সেই বিজয় দিবসের দামামা একটু একটু করে বাজতে শুরু করেছে।