গাজীপুরের যাত্রীবেশে এক মহিলার গলার স্বর্ণের চেইন ছিনতাইকালে সাত মহিলা ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর্মমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার (৪০), রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু (২৩), মো. শের আলীর স্ত্রী সুমি আক্তার (২৫), রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (২০) জাকির হোসেনের স্ত্রী শিল্পী (২০) ও ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
জয়দেবপুর থানার হোতাপারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম এবং এলাকাবাসী জানান, গাজীপুরের কাপাসিয়া থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা দুপুর ২টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌছলে ওই ৭ ছিনতাইকারী ওঠে। লেগুনাটি কিছুদূর যাওয়ার পর ওই মহিলারা লেগুনাযাত্রী অপর এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ওই মহিলা ডাক-চিত্কার শুরু করলে চালক লেগুনা থামায় এবং আশপাশের লোকাজন এগিয়ে এসে ওই ৭ মহিলাকে ধরে ফেলে। পরে লোকাজন ওই মহিলাদের নিকট থেকে ছিনতাইকৃত চেইটি উদ্ধার করে এবং তাদের পুলিশে সোপর্দ করে।
