বাংলাদেশ ও বুলগেরিয়া উভয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ জোরদার করার লক্ষ্যে ভবিষ্যত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করতে একমত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের মধ্যে শুক্রবার সকালে আনুষ্ঠানিক বৈঠককালে এ ঐকমত্য হয়েছে।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। তারা বলেন, একটি উষ্ণ ও আন্তরিক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও পূর্ব ইউরোপীয় দেশটির মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারা আরো বলেন, আনুষ্ঠানিক আলোচনা পূর্বে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। এতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র সচিব ও প্রেস সচিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে নিহত হওয়ার আগে দুটি দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ছিল। তারা বলেন, ১৯৭৫ সালের পর এই সম্পর্ক পিছিয়ে পড়ে।
তারা আরো বলেন, নতুন করে এ সম্পর্ককে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি একদিকে ‘দ্বিপাক্ষিক সফর’ অন্যদিকে ‘বহুপাক্ষিক’; কারণ প্রধানমন্ত্রী এখানে গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগ দিয়েছেন।
তারা বলেন, এই সফরের মধ্য দিয়ে অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির বাংলাদেশ সফরে আসার জন্য বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বরিসভকে আবারো আমন্ত্রণ জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব ও প্রেস সচিব বলেন, দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বিষয়ের বাইরে আন্তর্জাতিক শান্তি ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের বিষয় নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্র সচিব বলেন, আনুষ্ঠানিক বৈঠকে চারটি ব্যাপক ক্ষেত্র বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যেমন, বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ ব্যবসা, আইসিটি খাতে বিনিয়োগ, এসইজেড, কৃষি ও জার্ম প্লাজম এবং পর্যটন খাতে সহযোগিতা।
খবর ফোকাস বাংলার।
