তীরে এসে তরী ডুবল মুস্তাফিজদের

আপডেট : ২১ মে ২০১৬, ১৪:২৮
 
মুস্তাফিজের যা করণীয় করেছিলেন। দারুণ আঁটসাঁট বোলিং করলেন। প্রয়োজনের সময়ে একটা উইকেটও তুলে নিলেন। কিন্তু তার সতীর্থ বোলারদের ব্যর্থতায় গতকাল দিল্লি ডেয়ারডেভিলের বিপক্ষে ৬ উইকেটে হারল মুস্তাফিজদের দল সানরাইজার্স হায়দারাবাদ।
 
এই ম্যাচটার এমনিতে হায়দারাবাদের কাছে গুরুত্ব কম ছিল। তারা আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। তারও সম্মানের এই লড়াইয়ে আগে ব্যাট করা হায়দারাবাদ ৭ উইকেটে ১৫৮ রান তুলেছিল। অধিনায়ক ওয়ার্নার করেছিলেন ৭৩ রান। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারানো দিল্লি করুন নায়ারের ব্যাটিংয়ে পথে ছিল। 
 
মুস্তাফিজ নিজের ওভারে ৮ রান দিলেও পরের ওভারে মাত্র ১ রান ব্যয় করেন। ১৬তম ওভারে আবার যখন আক্রমণে আসেন, তার বলে একেবারে ছেলেমানুষী ক্যাচ ফেলেন ভুবনেশ্বর। শেষ ২ ওভারে দিল্লির দরকার ছিল ১৬ রান। ১৯তম ওভারে বল করতে এসে মুস্তাফিজ দ্বিতীয় বলে উইকেট তুলে নেন; ব্যয় করেন মাত্র ৫ রান। কিন্তু শেষ ওভারে এলোমেলো বোলিংয়ে ম্যাচ হাতছাড়া করেন ভুবনেশ্বর।