সাভারের কাউন্দিয়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২১ মে ২০১৬, ১০:৪১
ঢাকার সাভারে শুক্রবার রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। রাত ১০টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের শুঙ্গারচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
কাউন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খান নির্বাচনী প্রচারণা শেষে রাত ১০টার দিকে কর্মীদের নিয়ে ফেরার পথে শুঙ্গারচর এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শান্ত খানের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ধারালো অস্ত্রের ব্যবহার ও গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।