নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামে একটি পুকুর থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সন্ধ্যায় ইকড়ি গ্রামের আবু বকর সিদ্দিকের পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি বাজার করার ব্যাগ উঠে আসে। পরে ব্যাগটি খুলে ছয়টি পেট্রোল বোমা পাওয়া যায়। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এস আই মাসুদ করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ছয়টির মধ্যে উঠানোর সময়ই একটি বোমা ভেঙে গেছে। অপর পাঁচটি থানায় নেয়া হয়েছে। তবে পেট্রোল বোমাগুলো কে বা কারা পুকুরে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
