শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে 'গ্রিন জোন' হিসেবে পরিচিত এলাকায় পুলিশের সংঘর্ষ শেষে আবারো শান্ত হয়ে এসেছে বাগদাদ। ঘণ্টা ব্যাপী বিক্ষোভ শেষে পুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আন্দোলনের স্থান ছেড়ে চলে যায় তারা। এ সময় প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানায় বিবিসি।
এর আগে নিরাপত্তার ঘাটতি, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে ব্যর্থ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সম্প্রতি শিয়াপন্থী ইরাকের পার্লামেন্টে ব্যাপক তাণ্ডব চালানোর পর পরবর্তী সহিসংতা প্রতিরোধে রাজধানী বাগদাদে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর মন্ত্রিপরিষদ সদস্যদের বরখাস্ত করে তাদের স্থানে নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানায় তারা। কিন্তু রাজনৈতিক দলগুলো এ পরিবর্তনের বিরোধীতা জানিয়ে আসছে।
ইসলামিক স্টেটের (আইএস) হামলা ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থার পর নতুন এ রাজনৈতিক সংকট দেশটিকে আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে বলে জানায় বিবিসি।
