সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ, বিএসএফের অস্বীকার

আপডেট : ২১ মে ২০১৬, ১৩:১৬
 
সাতক্ষীরার মাদরা সীমান্তের বিপরীতে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার ভোরে তিনি ভারতের মুম্বই থেকে ফিরছিলেন। তবে গুলিছোড়ার বিষয়টি অস্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
 
স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আহত যুবকের নাম অজিহার রহমান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার মাদরা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে ফিরছিলেন। পথিমধ্যে তিনি মাদরা সীমান্তের বিপরীতে মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩ এর কাছাকাছি ভারতের বিথারী এলাকার বস্তুমতলা পৌঁছালে  তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তবে অজিহার এখন কোথায় আছেন তা তিনি জানাতে পারেননি।
 
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল  আরমান হোসেন খবর পেয়ে তিনি মাদরা সীমান্তে পৌছানোর পর সাংবাদিকদের জানান, ভারতের বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের সাথে তিনি কথা বলেছেন। বিএসএফ গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আহত ব্যক্তি অজিহার রহমান কোথায় আছেন তাও এখনও জানা যায়নি। তবে আহত অজিয়ারের স্বজনরা দাবী করেছেন, বিএসএফ গুলিতে অজিয়ার রহমান আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।