মোহাম্মদপুরের বসিলা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত ছিনতাইকারী হান্নানের (৩৭) মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার ভোরে বসিলা গার্ডেন সিটির পাশে কথিত বন্দুকযুদ্ধে হান্নান ও তার সহযোগী অজ্ঞাত পরিচয় একজন আহত হন। পরে হাসপাতালে অজ্ঞাত পরিচয় লোকটি মারা যান। আর আহত হান্নান হাসপাতালে ভর্তি ছিলেন। তারা পেশাদার ছিনতাইকারী বলে দাবি পুলিশের।
মোহাম্মদপুর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস জানান, রবিবার ভোরে গোপন খবর আসে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারী একটি প্রাইভেটকার নিয়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজন ছিনতাইকারী আহত হয়। এরপর তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক অজ্ঞাত পরিচয়ের একজনকে মৃত ঘোষণা করে। সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হান্নানের মৃত্যু হয়। সেদিন ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ছাড়াও চারটি চাপাতি, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও গাড়ির একাধিক ভুয়া নম্বর প্লেট জব্দ করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
