‘মোসাদের সাথে ষড়যন্ত্র করায় আসলাম চৌধুরীকে প্রমোশন’

আপডেট : ২১ মে ২০১৬, ১৫:১৮
 
দেশকে অস্থিতিশীল করার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে কাজ করার পুরস্কার হিসেবে বিএনপিতে আসলাম চৌধুরীর প্রমোশন হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
 
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক।সেখান থেকে দলের অনেক সিনিয়র নেতাদের উপেক্ষা করে খালেদা জিয়া আসলাম চৌধুরীকে সরাসরি দলের যুগ্ম মহাসচিব বানিয়েছেন।এর পেছনে দুটো কারণ আছে।প্রথমত ইসরাইলের সাথে কাজ করার জন্য পুরস্কার হিসেবে অপরটির হলো ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাট করেছেন যে টাকা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে হয়তো ভাগ হয়েছে।এখন প্রশ্ন হলো সেই  টাকার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা কত করে পেয়েছেন?
 
তিনি বলেন, আসলাম চৌধুরীর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছেন যে দলীয় হাই কমান্ডের নির্দেশেই তিনি ইসরাইলি প্রতিনিধির সাথে বৈঠক করেছেন।আর মোসাদের সে এজেন্টের অবস্থা ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না সে অবস্থার মতো।সে এজেন্ট বিবিসির কাছে সাক্ষাৎকারে আসলাম চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।এতেই প্রমাণিত হয়েছে যে ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সাথে যুক্ত হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
 
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি জোটে যে সকল ইসলামি দল আছে তাদের প্রতি আহ্বান জানিয়ে বলছি আপনারা বিএনপিকে বর্জন করুন, না হয় মুসলিম জাহান ও মানবতার শত্রু ইসরাইলের সাথে যুক্ত হয়ে দেশবিরোধী এই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে আপনারাও গণ্য হবেন।
 
সংগঠনের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হারুনুর রশীদ,বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক,এম এ করিম, শাহাদাত হোসেন প্রমুখ।