ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গত রবিবার রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে দৌলতপাড়া গ্রামের সালাম মিয়ার খামারের ৫০টি হাঁস চুরি হয়। এ ঘটনায় রবিবার সকালে সালাম মিয়ার সঙ্গে একই এলাকার সাদেক হোসেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাম ও তার ছেলে রুবেল সাদেক হোসেনকে মারধর করে। এ ঘটনার জের ধরে রবিবার রাতে সাদেক হোসেনের বড় ভাই সাইদ হোসেনের নেতৃত্বে তার গোষ্ঠীর লোকজন সালাম মিয়ার পক্ষের ইউনুস মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে আটজনকে জেলা সদর হাসপাতালে এবং পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
