ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইন্টারন্যাশনাল ভেশাখ ডে’ শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং প্যারিসে শ্রীলংকান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার এই অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ গ্রহণ করে।
শুক্রবার প্যারিসের স্থানীয় সময় দুপুর দুইটা ৩০ মিনিটে ইউনেস্কো ভবনে বাতি প্রজ্জলনের মাধ্যমে পূর্ণিমা উদযাপনের শুভ সূচনা হয়।IMG0
এর পরপরই শুরু হয় ‘ওয়ে অফ লাইফ বেসড অন দি টিচিং অফ বুদ্ধা’ (Way of Life based on the teaching of Buddha) শীর্ষক এক সেমিনার।
সেমিনারে বক্তব্য রাখেন হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জি. এ সোমারত্নে, যুক্তরাজ্য ইয়র্ক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের ড. আলিস কলেট, শ্রীলঙ্কা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইত্তাধেমালিয়া থেরো এবং বাংলাদেশের ভিক্ষু জ্যোতিসার।
এ সময় অনুষ্ঠানে ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ ভারত, ভুটান, শ্রীলংকা, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, ইন্দোনিশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।IMG1
এছাড়া সাংবাদিক দেবেশ বড়ুয়া, ব্যবসায়ী নেতা তাপস বড়ুয়া রিপন, উত্তম কে বড়ুয়া, বুদ্ধপ্রিয় ভিক্ষুসহ প্রবাসী বাংলাদেশিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বাংলাদেশের হাজার বছরেরর বৌদ্ধ কৃষ্টি, সভ্যতা ও নিদর্শনগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
সেমিনার শেষে বাংলাদেশ, শ্রীলঙ্কা, চায়না, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারতের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
