ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে ২ বিদেশি গ্রেফতার

আপডেট : ২১ মে ২০১৬, ১৭:১৫

ফরিদপুরে একটি ফিলিং স্টেশনের টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ইরানী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদরের ইউনাইটেড পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন- ডেভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) ও আলী রেজা ওরফে ফাইজার (২৮)। তাদের বাড়ি ইরানের কারাজ এলাকায়।

 

শনিবার দুপুরে ওই ফিলিং স্টেশন মালিক বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা করেছেন ।বিকেলে ওই দুই বিদেশিকে আদালতে হাজির করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্বার হওয়া পাসপোর্ট থেকে জানা যায়- ওই দুই ব্যক্তি এক মাসের টুরিস্ট ভিসা নিয়ে গত ৪ মে বাংলাদেশে আসেন। আগামী ২৯ মে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা।

 
জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে দুটি সিলভার রঙের প্রাইভেটকারে করে চারজন বিদেশি নাগরিক নগরকান্দা উপজেলার মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশনে আসেন। তারা পেট্রোল পাম্পের ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের কক্ষে ঢুকে কৌশলে ৬২ হাজার পাঁচশ টাকা নিয়ে যায়। পরে ওই ব্যবস্থাপক মোটরসাইকেলে পিছু নিয়ে ফরিদপুর সদরের ইউনাইটেড ফিলিং স্টেশনে ওই গাড়ি দুটি দেখতে পেয়ে এলাকাবাসীর সহায়তায় সাড়ে পাঁচটার দিকে একটি গাড়িসহ দুই ইরানী নাগরিককে আটক করতে সক্ষম হয়। অপর দুই বিদেশি গাড়িসহ পালিয়ে যায়।
 
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই দুই বিদেশি নাগরিককে আটক করে। তবে ছিনতাইয়ের ঘটনাটি নগরকান্দা থানা এলাকার মধ্যে পড়ায় আটককৃতদের নগরকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।