শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

আপডেট : ২১ মে ২০১৬, ১৭:১৬
 
মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।’
 
শনিবার বিকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ শান্তি ও মানবতার মূর্ত প্রতীক। তার চেতনায় ছিল দুঃখ জয়ের মাধ্যমে জীবের মুক্তি কামনা। অহিংস পরম ধর্ম মহামতি গৌতম বুদ্ধের এই অমিয় বাণী আজও সমভাবে প্রযোজ্য।’
 
রাষ্ট্রপতি আরো বলেন, ‘বাংলাদেশ আবহমানকাল থেকে সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে। এটা আমাদের সমপ্রীতির একে উজ্জ্বল ঐতিহ্য।’
 

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বৌদ্ধ সমপ্রদায়ের ধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরো, সংঘরাজ ধর্মসেন মহাস্থবির, শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।