জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথভুক্ত দেশসমূহে সুশাসন নিশ্চিত করা এবং কমনওয়েলথের মূল্যবোধকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি এক্ষেত্রে ইন্টারপার্লামেন্টারি এসেম্বলী অব মেম্বার নেশস অব দ্যা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (আইপিএসিআইএস )এর আদর্শ ও মূল্যবোধের সঙ্গে মিল থাকায় এ দুইটি আন্তর্জাতিক সংস্থাকে বিশ্বব্যাপী মানবকল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
শিরীন শারমিন গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তাভরেস্কি প্যালেসে আইপিএসিআইএস এর ৪৪তম সম্মেলনের প্লেনারী সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
রাশিয়ান ফেডারেশনের স্পিকার ও আইপিএসিআইএস এর চেয়ারপার্সন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকো এতে সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও আইপিএ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বক্তৃতা করেন । এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। আরমেনিয়া, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজ, তাজকিস্তান সহ আইপিএ সিআইএসভূক্ত দেশসমূহের প্রতিনিধিগণ সম্মেলনে যোগদান করেন।
এ সময় স্পিকার বলেন, 'নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য রোধ, তরুণ সমাজের উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি চ্যালেঞ্জগুলো বিশ্বের সব দেশের জন্য একই। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরস্পরের অভিজ্ঞতা কাজে লাগাতে সিপিএ ও আইপিএসিআইএস এর একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।'
জলবায়ুর কথা বলতে গিয়ে স্পিকার বলেন, 'জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় সারাবিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী দেশসমূহ এবং দ্বীপ রাষ্ট্রসমূহে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।' বিশ্বের সকল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহবান জানান।
সিপিএ চেয়ারপার্সন আরও বলেন, 'টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গত বছর বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্যসমূহ বাস্তবায়নে বিশ্বের সকল দেশের পারস্পারিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় একান্ত অপরিহার্য।'
